মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ। পরে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা জানায় দলের বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরাও।
উগ্র-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিচ্ছিন্নভাবে প্রতিবাদ না করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলগুলোকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মহান বিজয় দিবসে শুক্রবার সকালে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুদ্ধাপরাধী সংগঠন জামাত নিষিদ্ধের বিষয়ে কিছু প্রক্রিয়া চলমান রয়েছে উল্লেখ করে বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন। উগ্রবাদীরা তলে তলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিতে পারে।
দলের যারা জামাত-শিবিরের অনুপ্রবেশ ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের আহ্বান জানান, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে হওয়ার।
পরে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সভানেত্রী শেখ হাসিনা।
জাতির জনকের প্রতিকৃতিতে একে একে শ্রদ্ধা জানান ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।