বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে ২০২৪ সালের মধ্যে বের হবে বলে জানিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)।
শনিবার রাজধানীর ব্রাক সেন্টারে সংস্থাটির বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করার কথা বলা হয়। এলডিসি থেকে বের হলে আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কাও রয়েছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি ভালো— উল্লেখ করে আরো বলা হয়, ২০২৭ পর্যন্ত এলডিসিভুক্ত দেশের সুযোগ-সুবিধা পাবে বাংলাদেশ তবে এরপরে বৈদেশিক অর্থায়ন ও রপ্তানি কমে যেতে পারে।
আর এ জন্য দেশের অর্থনৈতিক ও শিল্পখাতে বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গুরুত্ব দেয়ার পরামর্শ দিয়েছে আঙ্কটাড।
তাই সেক্ষেত্র গ্রামীণ আর্থনীতি ও শিল্পখাতে গুরুত্ব দেয়ার কথা জানিয়েছেন সিপিডির রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান।
তিনি বলেন, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে এলডিসিভুক্ত ১৬টি দেশ এর আওতা থেকে বেরিয়ে যাবে। আর বাংলাদেশ ২০২৪ সালে এলডিসে তালিকা থেকে বের হবে।
এদিকে, এলডিসিভুক্ত দেশগুলোকে যতোখানি সুযোগ-সুবিধা দেয়ার কথা ততোখানি দেয়া হয়নি আর যতোখানি দেয়া হয়েছে ততোখানি ব্যবহার করা হয়নি বলেও জানিয়েছেন সিপিডি ডিস্টিঙ্গুইসড ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য্য।
গত ১৩ ডিসেম্বর জাতিসংঘের বাণিজ্যও উন্নয়ন সংস্থা বৈশ্বিকভাবে স্বল্পোন্নত দেশের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে সংস্থাটির প্রতিবেদন প্রকাশ করে সিপিডি।