ঢাকা শহরে বসবাসরত মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়েছে দুই সিটি করপোরশেন। মুক্তিযোদ্ধাদের সংম্বধর্না ও পুনর্মিলনীর এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন এ কথা জানান। এর সঙ্গে একাত্ত্বতা প্রকাশ করেন উত্তরের মেয়র আনিসুল হক।
তারা জানান, মুক্তিযোদ্ধাদের সব নাগরিক সুবিধা দিতে তারা প্রস্তুত রয়েছেন। দুঃস্থ মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল গঠন করা হবে বলেও জানিয়েছেন দুই মেয়র।
বিজয় দিবস উপলক্ষে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত পরিবার ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন ।
মুক্তিযোদ্ধারা দুই মেয়রের কাছে নানা নাগরিক সুবিধা দাবি করেন। দেশ গঠনে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকার দুই মেয়র সাঈদ খোকন ও আনিসুল হক।
এ সময় ঢাকার মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়ে মেয়ররা বলেন, দুঃস্থ মুক্তিযোদ্ধাদের সহায়তার জন্য তহবিল গঠন করা হবে।
এছাড়াও তাদের সর্বোচ্চ নাগরিক সুবিধা দিতে দুই সিটি করপোরেশন যথাসাধ্য চেষ্টা করছে। ঢাকাকে আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগের কথা জানান দুই মেয়র।