বিএনপি'র শুভ বুদ্ধির উদয় হয়েছে বলেই জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দলটি সংলাপে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এক তরফাভাবে আলোচনা করলে কোনো সংলাপই সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় তিনি এ সংশয় প্রকাশ করেন।
তিনি বলেন, ‘সালিশ মানি তালগাছটা আমার-এ যদি বিএনপির নীতি তাহলে আজকের সংলাপ সফল হবে না। তাদেরকে বাস্তবসম্মত মনোভাব নিয়ে থাকতে হবে। সরকারের পক্ষ থেকে আমাদের কাছে মনে হয় মহামান্য রাষ্ট্রপতি আমাদের অভিভাবক। তিনি অনেক উদার প্রকৃতির মানুষ। তিনি তার দায়িত্ব যথাযতভাবে পালন করবেন।’
রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির অতীত সংলাপের ‘অভিজ্ঞতা’ সুখকর নয় জানিয়ে কাদের বলেন, ‘অভিজ্ঞতা সুখকর নয়। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান যখন তাদের ডেকেছিলেন তখন তারা গিয়েছিলেনও। তখন তাদের মন মতো হয়নি।’
তিনি আরো বলেন, ‘বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা আজকে রাষ্ট্রপতির কাছে যাচ্ছে সংলাপের জন্য। ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি যদি গণভবনে যেত তাহলে বাংলাদেশের রাজনীতির ইতিহাস ভিন্ন হতে পারতো।’
সেতুমন্ত্রী বলেন, আমরা মহামান্য রাষ্ট্রপতিকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, রাষ্ট্রপতি বিএনপিকে ডেকেছেন নির্বাচনী সংলাপের জন্য।
বিজয় দিবসের আলোচনা সভায় সেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।