থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে সন্ধ্যা ৬টার পর রাজধানীর কোনো উন্মুক্ত স্থানে সমাবেশ শোভাযাত্রা না করতে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর ওই সময়ের পর ইনডোরে অনুষ্ঠান বা পার্টি করতে হলে আইন শৃংখলা বাহিনীর অনুমতি নেয়ারও বাধ্য বাধকতা বেঁধে দেয়া হয়েছে।
সোমবার সচিবালয়ে এ সংক্রান্ত আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ তথ্য জানান।
আসছে বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃংখলা বাহিনীর প্রধান ও সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরে, দেশের বর্তমান আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক বলে উল্লেখ করে তিনি বলেন, বড়দিন ও থার্টিফাস্ট নাইট সুশৃংখলভাবে উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা নেয়া হয়েছে।
এ সময় আশুলিয়ায় গার্মেন্টস্ শ্রমিকদের লাগাতার কর্মবিরতি সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনও দাবি ছাড়াই শ্রমিকরা অযৌক্তিক আন্দোলন করছে, তবে বড় ধরনের কোনও উদ্দেশ্য শ্রমিকদের থাকলেও তা সফল হতে দেয়া হবে না।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমই'র প্রতিনিধি দল বৈঠক করেন।