বিচার বিভাগীয় দীর্ঘসূত্রতা ও মামলার জট জনগণের বিচার লাভের ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় –এ অভিমত ব্যক্ত করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
রোববার সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন ২০১৬-এর দ্বিতীয় দিনে এ কথা বলেন তিনি।
প্রধানবিচারপতি বলেন, মামলারজট দূর করতে বিচারকদের দক্ষতার পরিচয় দিতে হবে।
বিচারব্যবস্থায় মামলা জটকে দুরারোগ্য ব্যাধি বলে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, এ থেকে মুক্তি পেতে নিম্ন আদালতের বিচারকদের বিচারিক কার্যক্রমে আরো আন্তরিক হওয়ার তাগিদ দেন।
এছাড়া আইনজীবীদের যুক্তিসংগত বৈধ দাবি-দাওয়া জেলা জজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও পরামর্শ অনুসারে ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি।
রাজধানীর সুপ্রিম কোর্টে রোববার জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনের দ্বিতীয় কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং সমপর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, আদালতের পুরো সময় বিচারকাজে ব্যয় করতে হবে।
প্রধান বিচারপতি বলেন, মানসম্মত সুবিচার নিশ্চিতকরণে তারা অঙ্গীকারাবদ্ধ— এ ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতাই অজুহাত হিসেবে গ্রহণযোগ্য হবে না।
বিচারব্যবস্থায় মামলাজট ও বিচারে দীর্ঘসূত্রিতা জনগণের বিচার লাভের ক্ষেত্রে একটি বড় অন্তরায় বলেও মন্তব্য করেন তিনি এ থেকে মুক্তি পেতে প্রয়োজনের বেশি সময়দানের যে সংস্কৃতি তা পরিহার করার কথাও বলেন।
এছাড়া আদালতের অবকাঠামো ও সরঞ্জামের ঘাটতি পূরণে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও বিচারকদের আশ্বস্ত করেন প্রধান বিচারপতি।
পাশাপাশি উপযুক্ত বিচারপতিদের দ্রুত পদোন্নতি দেয়া হবে বলেও জানান তিনি।