শিশুরা যেন সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে না জড়িয়ে যায় সেজন্য শিশুদের শান্তি-উন্নতির শিক্ষা দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদের মতো ভুল পথে যেন কেউ না যায়।
প্রধানমন্ত্রী আরো বলেন, পরীক্ষার ভীতি কাটাতেই প্রাথমিক পর্যায় থেকে বোর্ড পরীক্ষা নেয়া হচ্ছে।
এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা, জেএসসি ও জেডিসি'র ফলাফল সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মুস্তাফিজুর রহমান এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
পরে একের পর এক ৮টি শিক্ষা বোর্ডের প্রধানরা প্রধানমন্ত্রীর হাতে বিভিন্ন বোর্ডের ফলাফল তুলে দেন।
সকল পরীক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীদের মনে আত্মবিশ্বাস তৈরি করতেই প্রাথমিক পর্যায় থেকে বোর্ডের অধীনে পরীক্ষা নেয়া হচ্ছে।
সন্ত্রাস-জঙ্গিবাদের সঙ্গে যেন শিশুরা না জড়াতে পারে সেজন্য শিক্ষক-অভিভাবকদের সজাগ থাকতে বলেন প্রধানমন্ত্রী।
এ সময় তিনি অভিযোগ করেন, রাজাকার আলবদররা এখনো এ দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত।
বিশ্বের সঙ্গে তাল মেলাতে আর দারিদ্রমুক্ত দেশ গড়তে শিক্ষিত জনগোষ্ঠী দরকার বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এজন্য খুবই গুরুত্বপূর্ণ হলো প্রাথমিক শিক্ষা।