নতুন বছর থেকে ভারত ভ্রমণেচ্ছু বাবা-মায়ের সঙ্গে ১৮ বছরের কম বয়সী শিশুদের টুরিস্ট ভিসার জন্য ই-টোকেন লাগবে না।
বৃহস্পতিবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (আইডিএসি) বাবা-মায়েরা তাদের টুরিস্ট ভিসা আবেদনপত্রের সঙ্গে শিশুদের আবেদন জমা দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে বাবা-মায়েরা ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রসমূহে (আইভিএসিসমূহ) তাদের টুরিস্ট ভিসা আবেদনপত্রের সঙ্গে ১৮ বছরের কম বয়সী সন্তানদের আবেদন জমা দিতে পারবেন।
বাবা বা মায়ের কোনো একজনের ভারতীয় ভিসা থাকলে তাদের যে কোনো একজন তার প্রাপ্ত ভিসার ফটোকপি সংযুক্ত করে শিশুদের পক্ষে আবেদনপত্র জমা দিতে পারবেন।
ভারতীয় ভিসা আছে—এমন বাবা-মায়েদের যেকোনো একজন তাদের শিশুর পক্ষে আবেদনপত্র জমা দিতে পারবেন সেক্ষেত্রে তাদের প্রাপ্ত ভিসার ফটোকপি আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিতে হবে।
এতে ভারতীয় ভিসা প্রাপ্তি সহজ এবং দুই দেশের মধ্যে মানুষে-মানুষে যোগাযোগ ও সম্পর্ক আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছে হাইকমিশন।
এর আগে আগামী বছরের প্রথম দিন থেকে ই-টোকেন ছাড়াই বাংলাদেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের পরিবারের নিকটতম সদস্যরা ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে আজ ভারতীয় হাইকমিশনের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তাদের আবেদনপত্র ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র, উত্তরা শাখায় জমা দিতে হবে।
গতকাল বুধবার ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের প্রথম দিন থেকে ই-টোকেন ছাড়াই ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশিরা আবেদন করতে পারবেন। তবে আবেদনপত্রের সঙ্গে বিমান, ট্রেন বা বাসের টিকিট যুক্ত করতে হবে।