সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ওপর হামলায় সরকারি দলের নেতাকর্মীরা সরাসরি দায়ী
সারাদেশে এবছর ১৫ হাজার ৫৪টি হামলা-নির্যাতনের ঘটনার শিকার হয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতারা।
তারা বলেন, এসব ঘটনার জন্য সরকারি দলের নেতাকর্মীরা সরাসরি দায়ী এবং কোনোভাবেই সরকার এর দায় এড়াতে পারে না।
বিভিন্ন সময় ঘটনায় মামলা করা হলেও সরকারের সদিচ্ছার অভাবে বিচার হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সারাদেশে খুন, ধর্ষণ, নির্যাতন, হামলা- হুমকিসহ প্রায় ১৫ হাজার ৫৪ টি ঘটনার শিকার হয়েছেন সংখ্যালঘুরা হিন্দুরা । এরমধ্যে খুনের ঘটনা ঘটেছে ৯৮টি, আহত করা হয়েছে ৩৫৭জনকে আর হত্যার হুমকি দেয়া হয়েছে ১১৯ জনকে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
এসব তথ্যে দেখা গেছে, উচ্ছেদ এবং অগ্নিসংযোগের ঘটনা সবচেয়ে বেশি। প্রায় সাড়ে তিন হাজার পরিবারকে উচ্ছেদের হুমকি এবং ২১০টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে ১৪১ পরিবারের বাড়িঘরে। এছাড়া রয়েছে প্রতিমা ভাঙচুর, মন্দিরে পূজা বন্ধ ও হামলার পাশাপাশি ছিল সম্পত্তি দখলের ঘটনাও।
এসব ঘটনায় সরকারি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন জাতীয় হিন্দু মহাজোটের নেতারা।
এ বিষয়ে বিভিন্ন সময় মামলা করা হলেও সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার অভাবে ঘটনার সুষ্ঠু তদন্তও বিচার হচ্ছে না বলেও অভিযোগ তাদের।