উদ্বোধনের দ্বিতীয় দিনেও পুরোপুরি প্রস্তুত নয় ‘ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা—২০১৭’ এর স্টল নির্মাণের কাজ। আগামী শুক্রবার থেকে মেলা জমতে শুরু করবে বলে জানিয়েছেন আয়োজকরা। এবারের মেলায় বিশ্বের ২১টি দেশের পণ্য কেনাবেচা হবে। বরাবরের মতো এবারো থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা।
তবে স্টল বরাদ্ধে কিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এক দেশের প্যাভিলিয়নে অন্য দেশের স্টল দেখে বিভ্রান্ত হচ্ছেন দর্শনার্থীরা।
হাতে গোনা দর্শনার্থী, ভিড়ভাট্টা নেই, আয়েসী চলাফেরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুরুর দিকের এটি স্বাভাবিক চিত্র।
মেলার দ্বিতীয় দিনেও পুরোপুরি গুছিয়ে উঠতে পারেননি ব্যবসায়ীরা। এখনো চলছে স্টল নির্মাণের কাজ। যা শেষ হতে সময় লাগবে আরও প্রায় দুই দিন।
দক্ষিণ এশিয়াসহ ইউরোপ-আমেরিকার ২১টি দেশের পণ্য থাকছে এবারের আয়োজনে। তৈরি পোশাক, প্রসাধনী, জুয়েলারীসহ আছে দেশি-বিদেশি হাতে তৈরি বিভিন্ন কারুশিল্প।
তবে এক দেশের প্যাভিলিয়নে অন্য দেশের স্টল দেখে দর্শনার্থীরা বিভ্রান্ত হচ্ছেন । যেমন- পাকিস্তানের জন্য বরাদ্দ করা প্যাভিলিয়নে স্টল রয়েছে ভারত, থাইল্যান্ড ও বাংলাদেশের।
ভালভাবে খতিয়ে দেখে এই অনিয়মের বিরুদ্ধ্য ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের।
মেলার শুরুর দিকে ভিড় কম বলে যারা অতিরিক্ত লোকসমাগম এড়াতে চান, তাদের জন্য সুযোগ এখনই। আগামী শুক্রবার থেকে মেলা জমতে শুরু করবে বলে আশা করছে কর্তৃপক্ষ।