নতুন নির্বাচন কমিশন ইসি গঠনে আইন প্রণয়নে প্রস্তুত মন্ত্রণালয় এখন রাষ্ট্রপতির নির্দেশের জন্য অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মন্ত্রী বলেন, বিচাপতিদের নিয়োগের বিষয়ে যে আইনটি রয়েছে তা এ বছরের মধ্যেই প্রণয়ন করা হবে।
বুধবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে স্পেশাল জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওরিয়েন্টেশন ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়।
নতুন ইসি গঠনে আইন প্রণয়নে মন্ত্রণালয়ের প্রস্তুতি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, তার মন্ত্রণালয় এই আইন তৈরিতে প্রস্তুত রয়েছে, রাষ্ট্রপতি সকল দলের সঙ্গে আলোচনা শেষে যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী কাজ করা হবে।
সৎ ও যোগ্য বিচারক নিয়োগে বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনটি এই বছরের মধ্যে প্রণয়ন করা হবে বলেও জানান আইনমন্ত্রী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরানোর বিষয়ে সুপ্রিম কোর্ট যতবার চিঠি দেবে আইন মন্ত্রণালয় এটি না সরাতে ততবার অনুরোধ করবে বলেও জানান আনিসুল হক।