শুধুমাত্র শাস্তি দিয়ে অপরাধ কমানো সম্ভব নয় এরজন্য আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার সকালে বাংলা একাডেমির অডিটোরিয়ামে বিআইসিজেএস আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পরিবার হচ্ছে শিক্ষার মূল কাঠামো— এরপর শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠানগুলো মূল্যবোধ তৈরি করত। কিন্তু এখন পরিবার-সমাজের যোগসূত্রগুলো দুর্বল হয়ে পড়েছে একে সমুন্নত করতে হবে।
আনিসুল হক বলেন, শাস্তি দিয়েও অপরাধ দমানো যায়নি, যাচ্ছে না— আজকের পৃথিবীতে নতুন নতুন অপরাধ দেখছি। যা এক সময় চিন্তাও করতে যেত না।
মন্ত্রী বলেন, রাজনৈতিক দল এবং নেতারাও এ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, কেবল শাস্তি দিয়ে অপরাধ দমন করা যাবে না— আইন প্রয়োগের পাশাপাশি অপরাধ দমনের বিকল্প উপায় বের করতে হবে। সময়ের সাথে সাথে অপরাধের ধরনের পরিবর্তন ঘটছে। তাই অপরাধ দমন বা মোকাবেলা করতে হলে অপরাধের কারণগুলো খুঁজে বের করতে হবে, সে জন্য দরকার বিজ্ঞানসম্মত গবেষণা।
প্রযুক্তি নির্ভর বিশ্বে এখন নতুন নতুন উপায়ে অপরাধ সংগঠিত হচ্ছে উল্লেখ করে আইনমন্ত্রী এ অপরাধ প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন।
বর্তমানে নতুন নতুন যেসব অপরাধ সংঘটিত হচ্ছে সেটিকে অপরাধতত্ব হিসেবে ধরে নিয়ে এর বিজ্ঞানসম্মত গবেষণা প্রয়োজন। আইন প্রয়োগ বা বিচারের পাশাপাশি অপরাধের সামাজিক, সাংস্কৃতিক এবং মনস্তাত্ত্বিক কারণগুলো খুঁজে বের করে এর উপশম ঘটাতে হবে। এজন্য আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।