সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতৈক্য প্রতিষ্ঠার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার বঙ্গভবনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে আলোচনায় এ বিষয়টিতে গুরুত্ব দেন তিনি।
পরে রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে আলোচনায় অংশগ্রহণ এবং প্রস্তাবনা দেয়ার জন্য জেএসডিকে ধন্যবাদ জানান।
নতুন নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের মধ্যেো এদিন আ স ম আবদুর রব নেতৃত্বাধীন দলটির সঙ্গে আলোচনা করেন আবদুল হামিদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, জেএসডির প্রতিনিধি দলকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মতৈক্যও জরুরি।
সংলাপে জেএসডির ১০ সদস্যের প্রতিনিধি দলটি ইসি গঠনে তিন দফা প্রস্তাব রাষ্ট্রপতিকে দিয়েছে।
প্রেস সচিব বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনে আলোচনায় অংশগ্রহণ এবং প্রস্তাবনা দেয়ার জন্য জেএসডিকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য সংলাপ এবং অবাধ রাজনৈতিক অধিকার ও জনগণের সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য বলে রাষ্ট্রপতি জানান।
জয়নাল আবেদীন বলেন, নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির আলোচনার অবসানে ইসি গঠনে স্থায়ী ব্যবস্থা হিসেবে আইন প্রণয়নের প্রস্তাব করেছে জেএসডি।
গত ১৮ ডিসেম্বর বিএনপির সঙ্গে আলোচনার মধ্যদিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ পর্ব শুরু করেছেন রাষ্ট্রপতি। আগামী ১১ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আলোচনার মধ্যদদিয়ে এ সংলাপ শেষ হবে।