গুজব ও ধারণার ওপর ভিত্তি করে পুঁজিবাজারে বিনিয়োগ করে লোকসান হলে তার দায় সরকার নেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একটি স্থিতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক পুঁজিবাজার গড়ে তুলতে রোববার সকালে রাজধানীতে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা যাচাই বাছাই করে পুঁজিবাজারে বিনিয়োগ করতে সকলের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেয়ারবাজারে লেনদেন কারচুপি ও অনিয়ম শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার ফলে বর্তমানে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে— উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় বিশ্বে বাংলাদেশের পুঁজিবাজার সম্ভাবনাময় খাত হিসেবে পরিচিতি পেয়েছে।
গুজব কিংবা ধারণানির্ভর না থেকে বিনিয়োগ শিক্ষার মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগের পরামর্শ দিয়ে আগামীতে বাংলাদেশের উন্নয়নের দীর্ঘমেয়াদী অর্থায়নের নির্ভরযোগ্য উৎস্য হিসেবে পুঁজিবাজারকে অভিহিত করেন সরকার প্রধান।
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে ৬০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নব নির্মিত ১০ তলা ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।