আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সময় গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিলে সারাদেশে কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা।
শুক্রবার বিকেলে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সংহতি সমাবেশে তারা আরো বলেন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম ১৬ হাজার টাকা মজুরি নির্ধারণ এখন সময়ের দাবি।
বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের ওপর দমন-পীড়ন বন্ধ, গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি ও তাদের মামলা প্রত্যাহারের দাবিতে সংহতি সমাবেশের আয়োজন করে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।
সমাবেশে অধ্যাপক আনু মহম্মদ দাবি করেন, সরকার শ্রমিকদের স্বার্থের কথা চিন্তা না করে মালিকদের পক্ষে কথা বলছে— যারা দেশের টাকা লুটেপাট করছে, তাদের জন্যই কাজ করছে সরকার।
এ সময় শ্রমিক নেতারা দাবি করেন, আশুলিয়ায় শ্রমিকদের ওপর এখনো নির্যাতন চলছে— এমন হতে থাকলে সারাদেশে আন্দোলনের ডাক দেয়া হবে বলে জানান শ্রমিক নেতা মোশরেফা মিশু।