ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে রোববার রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুইজারল্যান্ডের আল্পস অঞ্চলে গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে আগামী ১৭ থেকে ২০ জানুয়ারি ৪ দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব’।
প্রধানমন্ত্রীকে বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইট রোববার রাত পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি সোমবার স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
শনিবার সকালে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেসসচিব জানান, ডাভোসে অবস্থানকালে প্রধানমন্ত্রী ডব্লিউইএফ এর বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন এবং ফোরামে নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে বৈঠক করবেন। ৫ দিনের সফর শেষে ২০ জানুয়ারি দেশে ফিরবেন তিনি।
তিনি আরো বলেন, সভায় বিশ্বের শীর্ষ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা একত্রিত হবেন এবং একইসঙ্গে ৪৫টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও অংশ নেবেন। সম্মেলনে অর্থনীতি, টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, পানি আর তথ্য প্রযুক্তি ও নারীর ক্ষমতায়নের বিষয়ে বক্তব্য রাখবেন।