আগামী ৭ দিনের মধ্যে রায়ের কপি হাইকোর্টে পাঠানো হবে— বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।
এ রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে— উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, রায়ে জনগণ খুশি— আদালত স্বাধীনভাবে এ রায় দিয়েছে।
তিনি আরো বলেন, আসামিদের কে কোনো পদ বা বাহিনীর তা বিবেচ্য বিষয় ছিল না। আপরাধের ভিন্নতা এখানে বিবেচ্য বিষয় ছিল না। অপরাধের ভিন্নতা ও নৃশংসতার জন্য এ সাজা প্রাপ্ত ছিল।
এর আগে নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন হত্যায় মামলা প্রধান আসামি নূর হোসেন, র্যাব কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও মাসুদ রানাসহ ২৬ আসামিকে সোমবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালত ফাঁসির আদেশ দেয়।
আর বাকি ৯ জনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
সাত খুনের ২টি মামলার অন্য আসামিরা হলেন : র্যাব সদস্য উপপরিদর্শক (এসআই) পুর্ণেন্দু বালা, সহকারী উপপরিদর্শক (এএসআই) বজলুর রহমান ও আবুল কালাম আজাদ, হাবিলদার এমদাদুল হক ও নাসির উদ্দিন, কনস্টেবল শিহাব উদ্দিন ও বাবুল হাসান, আরওজি-১ আরিফ হোসেন, ল্যান্স নায়েক হীরা মিয়া, বেলাল হোসেন, ল্যান্স করপোরাল রুহুল আমিন, সিপাহি আবু তৈয়ব, নুরুজ্জামান ও আসাদুজ্জামান নূর এবং নূর হোসেনের সহযোগী মোর্তুজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান দীপু, রহম আলী ও আবুল বাশার।
পলাতক রয়েছেন : নূর হোসেনের সহযোগী সেলিম ও শাহজাহান, সানাউল্লাহ সানা, জামাল উদ্দিন, র্যাবের করপোরাল লতিফুর রহমান, সৈনিক মহিউদ্দিন মুন্সি, আল আমিন শরিফ, আব্দুল আলী, তাজুল ইসলাম, সার্জেন্ট এনামুল কবির, সহকারী উপপরিদর্শক (এএসআই) কামাল হোসেন, কনস্টেবল হাবিবুর রহমান।