দিনের বেলা গুলিস্তানসহ রাজধানীর ফুটপাথে হকার বসতে না দেয়ার সিদ্ধান্তে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অনড় থাকবে বলে জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসন করা হবে বলেও জানান তিনি।
সোমবার দুপুরে হকারদের একটি প্রতিনিধি দল ১০ দফা দাবি নিয়ে তার সঙ্গে আলোচনা করার পর এসব কথা বলেন।
পর্যায়ক্রমে ফুটপাথের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে—অবৈধ গাড়ি পার্কিং হবে বন্ধ বলেও জানান ঢাকা দক্ষিণের এ মেয়র।
নাগরিকদের চলাচলের জন্য সকাল থেকেই ফুটপাথ দখলমুক্ত করার কাজ শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এদিকে, পুনর্বাসনের আগেই উচ্ছেদ করার প্রতিবাদে নগর ভবন ঘেরাও করতে জড়ো হন হকাররা।
এ সময় পুলিশ বাধা দিলে হকারদের ৫ সদস্যের প্রতিনিধি দল ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে মেয়রের সঙ্গে বৈঠক করেন।
পুনর্বাসনের আশ্বাস দিয়ে মেয়র সাঈদ খোকন আবারো সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত হকারদের দোকান করার নির্দেশ দেন। এ নিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে পুনর্বাসনের সিদ্ধান্ত বাতিল করা হবে বলেও হুঁশিয়ারি দেন মেয়র।
একইসঙ্গে যানজট এড়াতে গাড়ি পার্কিং ও ফুটপাথে অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও সাফ জানিয়ে দেন সাঈদ খোকন।
এদিকে, দুপুরের পর থেকে হকাররা আবারো বসার চেষ্টা করলে তাদের সরিয়ে দেয় পুলিশ।