গতবছর দেশে সাড়ে তিন হাজারেরও বেশি শিশু বিভিন্ন ধরণের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে— এদের মধ্যে ১৪০০ বেশি শিশু অপমৃত্যুর শিকার হয়েছে।
মঙ্গল বার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম।
গত ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে শিশু হত্যা কিছুটা কমলেও বাবা-মার হাতে শিশু হত্যার সংখ্যা বেড়েছে বলে তাদের প্রতিবেদনে বলা হয়। এতে আরো বলা হয়, গড়ে প্রতিমাসে কমপক্ষে পাঁচটি শিশু বাবা-মায়ের হাতে নিহত হচ্ছে।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে "বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি" শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম।
এতে ২০১৬ সালে দেশে শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, সহিংসতার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতবছর তিন হাজার পাঁচশো ৮৯টি শিশু বিভিন্ন ধরণের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে। যার মধ্যে প্রায় দেড় হাজার শিশু অপমৃত্যুর শিকার। আর ২০১৫ সালে শিশু নির্যাতনের সংখ্যা ছিল প্রায় সাড়ে পাঁচ হাজার।
প্রতিবেদনে দেখা গেছে, ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালের শিশু নির্যাতনের হার কিছুটা কমলেও বাবা মার হাতে শিশু হত্যার হার বেড়েছে আশংকাজনক হারে।
এর মধ্যে অপমৃত্যু ১৪৪১টি, অপঘাত ২০৫, যৌন নির্যাতনে ৬৮৬, অপহরণ, নিখোঁজ ও উদ্ধার ৪৪৫টি এবং নির্যাতন ও সহিংসতাসহ ৩৯৮টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।
সামাজিক আন্দোলন ও রাষ্ট্র এগিয়ে আসলেই শিশু নির্যাতন কমবে বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন।