রাজধানীর সাতটি এলাকায় ঝুঁকিপূর্ণ ১২টি মার্কেট ও ১৪১ টি আবাসিক ভবন রয়েছে— যে কোনো সময় যেগুলো ধসে পড়তে পারে আশঙ্কা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
মঙ্গলবার বিকেলে মেয়র আনিসুল হক এক সংবাদ সম্মেলনে জানান, এসব ভবনের দুর্ঘটনার দায়ভার সিটি করপোরেশন নেবে না।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, ২০০৯ সালে বুয়েটের বিশেষজ্ঞদল ভবনগুলো ভেঙে ফেলার পরামর্শ দিলেও ব্যবসায়ীরা তা আমলে নিচ্ছেন না।
রাজধানীর খিলগাঁও কাঁচাবাজার, গুলশান সিটি করপোরেশন মার্কেট, কাওরান বাজারের কাঁচাবাজার ও মোহাম্মদপুর টাউন হলসহ সাতটি সিটি করপোরেশন মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ।
এরমধ্যে মোহাম্মদপুর টাউন হল মার্কেটকে অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে বুয়েটের বিশেষজ্ঞদল।
মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব মার্কেট ও ১৪১টি ঝুঁকিপূর্ণ আবাসিক ভবনের তথ্য প্রকাশ করে উত্তর সিটি করপোরেশন।
এ সময় মেয়র জানান, ঝুঁকিপূর্ণ ভবনের মালিক ও মার্কেট ব্যবসায়ীদের জানানোর পরেও তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছেন না বরং উল্টো মামলা করছেন।
অনুমোদন ছাড়াই গুলশান সিটি করপোরেশন মার্কেটের তৃতীয় তলা ও কাওরান বাজারের কাঁচাবাজার মার্কেট দ্বিতীয় ও তৃতীয় তলা করা হয়েছে বলে জানান তিনি।
মেয়র জানান, এসব ভবন যে কোনো মুহূর্তে ধসে পরার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
ভবিষ্যতে এ সব ভবনের দুর্ঘটনার দায় ব্যবসায়ী প্রতিনিধি বা সিটি করপোরেশন নেবে না সংবাদ সম্মেলনে এমন কথা উঠে আসে।