আপাতত জ্বালানি তেলের দাম কমছে না—এর পেছনে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধিকে কারণ হিসেবে তুলে ধরেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
নসরুল হামিদ বলেন ‘তেলের দাম আপাতত কমছে না। কারণ ওয়ার্ল্ড মার্কেটে (বিশ্ব বাজারে) তেলের দাম বেড়ে গেছে অনেকখানি। ৩২ ডলার ছিল ৫২ ডলার হয়ে গেছে। অনেকখানি জাম্প (বেড়ে) করছে, বিশ্বব্যাংক বলছে এ বছরে আরো দাম বাড়বে।
প্রতিমন্ত্রী বিপু বলেন, জ্বালানি তেলের দাম দুধাপে কমানোর কথা ছিল। আমরা সরকারের অনুমতির জন্য পাঠিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়া এবং বিশ্বব্যাংক আভাস দিয়েছে আগামী বছরেও তেলের দাম বাড়তে পারে। সে কারণে এ মুহূর্তে সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো প্রাইজ অ্যাডজাস্টমেন্ট না করার।
গত ২০১৩ সালের ৪ জানুয়ারি যখন দেশের বাজারে তেলের দাম বাড়ানো হয়েছিল, তখন আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ১২০ ডলার। কিন্তু ২০১৪ সালে আন্তর্জাতিক বাজারেই তেলের দাম কমতে শুরু করে। জুনের পর তা কমতে কমতে নেমে আসে ব্যারেলপ্রতি ৩০ ডলারে।
কিন্তু তখন দেশের বাজারে তেলের দাম কমায়নি সরকার। অনেক সমালোচনার পর ২০১৬ সালে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। ২০১৬ সালের ৪ এপ্রিল থেকে নতুন দাম কার্যকর হয়। তখন ঘোষণা দেয়া হয় আরো দুই দফায় তেলের দাম কমাবে সরকার।
ডিসেম্বরের শেষ দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, জানুয়ারি মাসে জ্বালানি তেলের দাম কমানোর সম্ভাবনা খুবই বেশি।