সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার থেকে মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ বাস্তবায়নে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রজত জয়ন্তী এবং সপ্তম সম্মেলনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
আব্দুল হামিদ বলেন, ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু দেখেছিলেন তা বাস্তবায়ন করতে হবে। কোনো স্বার্থানেষী গোষ্ঠিই বাংলাদেশের সাফল্য ধ্বংস করতে পারবে না।
দেশের তরুণ সমাজকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করারও তাগিদও দেন তিনি।
এছাড়া সম্মেলনে আসা বিদেশি অতিথিদের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদেরও অবদান কম নয়—বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের সমাজেও তুলে ধরার আহ্বান জানান।
এ সময় যুদ্ধাপরাধীদের বিচারের আন্তর্জাতিক সম্প্রদায়ও প্রশংসা করছে উল্লেখ করে আব্দুল হামিদ বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি এখনও ধর্মের নামে হত্যা সন্ত্রাসের মাধ্যমে ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে।
এ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সোচ্চার থাকতে সকলের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি।
সন্ত্রাস দমণের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের পদক্ষেপ আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত উল্লেখ করে তিনি বলেন, সরকারের এ সাফল্য কোনও শক্তিই ধ্বংস করতে পারবে না।
ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা ও অসাম্প্রদায়িক মূল্যবোধ রক্ষা করতে দেশের তরুন সমাজকে তাগিদ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
প্রসঙ্গত, ১৯৭১'র যুদ্ধাপরাধীদের বিচার এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার দাবি নিয়ে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে পঁচিশ বছর আগে যাত্রা শুরু করে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল’ কমিটি। দীর্ঘ পথ পরিক্রমায় মুক্তিযুদ্ধের স্বপক্ষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবি সংগঠনের মানুষের সম্পৃক্ততায় যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে তাদের দাবি বাস্তবায়ন হচ্ছে।
আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ২০১৭ সালের ১৯ জানুয়ারি পঁচিশ বছরে পা রেখেছে এ কমিটি।