রাজনীতিতে বিভেদের দেয়াল ভালো পরিণতি বয়ে আনবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এ দেয়াল ক্রমেই দীর্ঘ হচ্ছে যা উদ্বেগের বিষয়। সাম্প্রদায়িক উগ্রবাদের সঙ্গে আপস করলে মুক্তিযুদ্ধের মূল চেতনা ক্ষতিগ্রস্ত হবে।
নিজেদের সংখ্যালঘু না ভেবে ধর্মীয় ও জাতিগত সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে অন্যান্য ধর্মের মানুষদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
তিনি আরো বলেন, রাজনীতিকে কেবল ক্ষমতা বদলের হাতিয়ার হিসেবে দেখলে চলবে না। সকল ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব ভবিষ্যতের জন্য ভালো লক্ষণ নয়।
এছাড়াও সাম্প্রদায়িক উগ্রবাদকে দেশের জন্য সবচেয়ে বড় বিপদ আখ্যা দিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, এ দেশ সকল ধর্মের মানুষের। সবাইকে এ উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।
সাম্প্রদায়িক উগ্রবাদের মতো মাদক সমস্যা দেশের জন্য বড় বিপদ বলে জানান ওবায়দুল কাদের।