টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।
ময়দানে সমবেত হয়েছেন দেশ-বিদেশের লাখো ধর্মপ্রাণ মুসল্লি। ইজতেমাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে পাঁচ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা। রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমার প্রথম পর্ব।
টঙ্গীর তুরাগ নদের তীরে দেশ-বিদেশের লাখো মুসল্লী সমবেত হয়ে শুনছেন মুরুব্বিদের ইমান, আমল ও আখলাকের কথা। ভারতের মাওলানা শামীম মুসল্লিদের উদ্দেশ্যে আম বয়ান করছেন। সেটি তর্জমা করছেন বাংলাদেশের মাওলানা নূরুর রহমান।
শুক্রবার ফযরের নামাজের পরই শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের মুল আনুষ্ঠানিকতা। ময়দানেই জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। দেশি মুসল্লি ছাড়াও প্রায় ৫০টি দেশের মুসল্লি অংশ নিয়েছেন ইজতেমায়।
দ্বিতীয় পর্বে দেশের ১৬ টি জেলার মুসল্লিরা ২৯ টি খিত্তায় অবস্থান নিয়েছেন। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো সন্ত্রাসী তৎপরতা মোকাবেলায় সতর্ক প্রহরায় রয়েছেন র্যাব-পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর ছয় হাজারেরও বেশি সদস্য।
মুসল্লিদের স্বাস্থ্য সেবা ও চিকিৎসা দিতে নিয়োজিত রয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার এ বছরের আনুষ্ঠানিকতা শেষ হবে।