সুইজারল্যান্ড থেকে ৫ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি শনিবার সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
এর আগে সুইজারল্যান্ড সময় শুক্রবার দুপুর ২টা ৪৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। পরে দুবাইয়ে চার ঘণ্টা যাত্রা বিরোতির পর ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
দাভোসে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের ৪৭ তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে গত ১৭ জানুয়ারি সুইজারল্যান্ড যান প্রধানমন্ত্রী। এ বছর এ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ছিল-- সহানুভূতিশীল ও দায়িত্ববান নেতৃত্ব।
শেখ হাসিনাই প্রথম বাংলাদেশি নেতা যিনি এ ধরনের উচ্চ ক্ষমতাসম্পন্ন বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন। সফরকালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।