শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে গণতান্ত্রিক মূল্যবোধে একাত্ম হয়ে পুলিশ সেবাকে আরো জনবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাজধানীর রাজারবাগে ‘পুলিশ সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, প্রত্যক পুলিশ সদস্যকে অসহায় ও বিপন্ন মানুষের প্রতি আকুণ্ঠচিত্তে সেবার হাত প্রসারিত করতে হবে।
উন্নত বিশ্বের মতো সরকার পুলিশবাহিনীকে আধুনিক হিসেবে গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে বলেও জানান তিনি।
সন্ত্রাস জঙ্গিবাদ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে পুলিশের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ ও নিজেদের আত্মত্যাগে অসংখ্য মানুষের প্রাণ রক্ষা পেয়েছে।
আর প্রথমবারের মতো পুলিশের দরবারে অংশ নিয়ে এ বাহিনীর বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। অপরাধীকে মানসিক নির্যাতন নিয়ে পুলিশের বিরুদ্ধে আইনের সমালোচনাও করেন তিনি।
এর আগে সকালে ‘পুলিশ সপ্তাহ-২০১৭’ এর উদ্বোধনীতে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদাজ্জামান খাঁন কামাল এবং সংস্থাটির মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক স্বাগত জানান।
পরে রাজারবাগে পুলিশ মুক্তিযোদ্ধা যাদুঘরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে পুলিশ বাহিনীর একটি চৌকস দলের সশস্ত্র অভিবাদন গ্রহণের পর কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি।
এছাড়াও চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার নেতৃত্বে মনোজ্ঞ কুচকাওয়াজের সালামগ্রহণ করেন শেখ হাসিনা। পরে অপরাধ দমনে বিশেষ অবদানের জন্য ১৩২ জন পুলিশ সদস্যকে পুলিশ পদক পরিয়ে দেন।