হকাররা যদি সরকারের প্রকল্পে অন্তর্ভূক্তি বা চতুর্থ শ্রেনীর চাকরি বা বিদেশে যেতে চান তাহলে তালিকাভুক্ত হকারদের এসব কাজের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন।
সোমবার নগর ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হকারদের সন্ধ্যার পর বসার জন্য সিটি করপোরেশন সব ধরনের ব্যবস্থাগ্রহণ করেছে বলেও জানান ঢাকা দক্ষিণের মেয়র। নতুন জায়গায় তাদের পুর্নবাসনের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।
মেয়র সাঈদ খোকন বলেন, সন্ধ্যার পর ও হলিডে মার্কেট ছাড়া গুলিস্তান, মতিঝিল ও বায়তুল মোকাররম এলাকায় কর্মদিবসে কোনো হকার বসতে দেয়া হবে না। তবে এ কাজ খুব সহজ নয় বরং দালাল চক্র বা চাঁদাবাজরা এসব কাজে বিভিন্ন উপায়ে বাধা দিয়ে যাচ্ছে।
রাজধানীর গুলিস্তান, মতিঝিলসহ আশপাশের এলাকাকে একটি নিয়মের মধ্যে নিয়ে আসার জন্যই হকারদের তুলে দেয়া হচ্ছে— উল্লেখ করে তিনি আরো বলেন, কোনোভাবেই এসব ফুটপাতে আর কোনো হকার বসতে দেয়া হবে না।
এদিকে, রাজধানীতে ব্যবসা পরিচালনার দাবিতে গুলিস্তান এলাকায় মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।
পূনর্বাসন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়ে ইউনিয়নের নেতারা বলেন, দাবি আদায় না হলে সারাদেশে হকাররা আন্দোলন নামবে।