সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদকের পাশাপাশি যারা অগ্নিসন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে গণভবনের মাঠে ছাত্রলীগের পুনর্মিলনীতে অংশ নিতে আসা জেলা, বিভাগীয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে শিক্ষাগ্রহণ করতে হবে— উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে শিক্ষাই মূল হাতিয়ার— ছাত্রলীগের নেতাকর্মীদের মিতব্যয়ী আর সৎ পথে থাকতে হবে।
মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে ছাত্রসমাজকে এর বিরুদ্ধে সচেতনাতা গড়ে তোলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, নিজ নিজ এলাকায় জঙ্গিবাদ আর মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে হবে। রাজনীতি হতে হবে মানুষের কল্যাণে।
জনগণের কল্যাণে দেশের সেবায় নিজেদের গড়ে তুলতে এ সময় ছাত্রলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।