বাংলাদেশে দুর্নীতি আগের তুলনায় কমেনি বরং এখনো উদ্বেগজনক বলে জানিয়েছে বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)।
বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এ প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
কোনো দেশের রাজনীতি ও প্রশাসনে দুর্নীতির ব্যাপকতা সম্পর্কে ব্যবসায়ী, বিনিয়োগকারীও সংশ্লিষ্টখাতের গবেষকও বিশ্লেষকদের ধারণার ওপর ভিত্তি করেই প্রণিত হয় এ দুর্নীতির চিত্র।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশ করা দুর্নীতির ধারণাসূচক ২০১৬'র প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এবার স্কোর বাড়লেও দুর্নীতির ধারণা সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান আরো পিছিয়ে ১৪৫তম। সমান স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতির দেশের তালিকায় রয়েছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড আর দুর্নীতিগ্রস্তের তালিকায় তলানিতে রয়েছে সোমালিয়া।
২০১৬ সালে ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কম দুর্নীতির তালিকায় উপর থেকে ১৪৫ এ— যা ২০১৫ তে ছিল ১৩৯তম। এদিকে, বেশি দুর্নীতিগ্রস্ত দেশের নিম্নক্রম অনুযায়ী দুই ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এবার ১৫।
আর স্কোরের দিক থেকে বাংলাদেশের অবস্থান ২৬তম যা গতবছর ছিল ২৫ এ। তবে সার্বিকভাবে দেশের দুর্নীতির চিত্র এখনো উদ্বেগজনক।
দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম দুর্নীতর তালিকায় ভুটান আর ১৬৯তম অবস্থান নিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে আফগানিস্তান।