সেবাধর্মী জনবান্ধব প্রতিষ্ঠানের সদস্য হিসেবে পুলিশের সকল সদস্যকে সেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালনে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ‘পুলিশ সপ্তাহ-২০১৭’ উপলক্ষে বুধবার বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিপদগ্রস্ত মানুষ ন্যায় বিচার ও সেবা পাওয়ার আশায় পুলিশের শরণাপন্ন হয় উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তারা যেন হয়রানির শিকার না হয় তা নিশ্চিত করতে হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য মাদকের বিস্তার রোধে কাজ না করে— সহায়তা করছে এমন অভিযোগ রয়েছে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এতে কিছু অসাধু লোকের জন্য পুরো বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সচেতন থাকতে হবে।
সাম্প্রতিক সময়ে দেশে জঙ্গিবাদ মোকাবেলায় পুলিশের কার্যক্রমের প্রশংসা করে বৈশ্বিক এই চ্যালেঞ্জ মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা আরও বাড়ানোর ওপর জোর দেন তিনি।
জনপ্রত্যাশা পূরণে এবং জন আস্থা অর্জনের জন্য দায়িত্বপালনে পুলিশকে আরো নিবেদিত হওয়ার নির্দেশনা দেন রাষ্ট্রপতি।
‘পুলিশ সপ্তাহ-২০১৭’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্রসচিব, র্যা ব মহাপরিচালক ও পুলিশের চার শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।