আত্মবিশ্বাস নিয়ে সুশৃঙ্খল জীবন-যাপন, সততা ও দৃঢ়তার সঙ্গে কাজ করতে স্কাউটদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার গোপালগঞ্জের মানিকদাহতে রোভার স্কাউটদের সবচেয়ে বড় সমাবেশ একাদশ জাতীয় রোভার মুটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্কাউটদের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, স্কাউটদের ট্রেনিং নিতে স্থান সঙ্কটের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
স্কাউটদের উদ্দেশে বক্তৃতায় ক্যাম্পের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের আরো দক্ষ ও সুযোগ্য করে গড়ে তুলে দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় রোভার স্কাউটদের কাজের প্রশংসা করেন তিনি।
সেইসঙ্গে, স্কাউটিংয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
এর আগে একাদশ জাতীয় রোভার মুটের অনুষ্ঠানে যোগ দিতে সকাল ১১টায় গোপালগঞ্জের মানিকদাহ হাউজিংয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য শেষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এবারে বাংলাদেশ স্কাউট আয়োজিত এবারের মুট-এ দেশ-বিদেশে থেকে আসা ১০ হাজার রোভার স্কাউট অংশ নিয়েছেন।
এদিকে, রোভার মুটের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দুপুরে টুঙ্গীপাড়া যাবেন প্রধানমন্ত্রী। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো ছাড়াও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি।
রাতে টুঙ্গিপাড়ার নিজ বাসভবনে রাত্রিযাপন করার কথা রয়েছে শেখ হাসিনার। শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা গেছে।