নির্বাচন কমিশনকে (ইসি) বিতর্কিত করার লক্ষ্য নিয়েই সার্চ কমিটি নিয়ে কথা বলছে বিএনপি— অভিযোগ আওয়ামী লীগ নেতাদের। এ জন্যই সার্চ কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বিএনপি বলেও জানান তারা।
শুত্রবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন।
ইসি গঠন নিয়ে কথা চালাচালি করে জনগণকে বিভ্রান্ত না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বানও জানান আওয়ামী লীগ নেতারা।
রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজকে সংবর্ধনা অনুষ্ঠানে দলের যুগ্ম সাধারণ সম্পাদ মাহবুবুল আলম হানিফ বলেন, নতুন নির্বচন কমিশনের গঠনের জন্য গঠিত সার্চ কমিটির সদস্যরা কেউ কোনো দলের নয়। তবুও বিএনপি এটিকে ইস্যু বানাতে চাইছে।
সার্চ কমিটিসহ রাষ্ট্রপতির ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে হানিফ বলেন, আওয়ামী লীগের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের প্রয়োজন নেই।
যারা ষড়যন্ত্রের রাজনীতি করে তারাই আজিজমার্কা নির্বাচন কমিশন বানায় বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে সামনে এক মানববন্ধনে দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ অভিযোগ করেন, সার্চ কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বিএনপি।
সকালে সিরাজগঞ্জের এক পথসভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির কোন আন্দোলনই আর সফল হবে না।