সংবিধান অনুযায়ী আইন সবার জন্য সমান হলেও তা এখনো বাস্তবায়ন করা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা)। সুপ্রিমকোর্ট মিলনায়তনে শনিবার সকালে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির উদ্যেগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সাধারণ মানুষের দুর্ভোগ দূর করতে দ্রুত মামলার নিস্পত্তি করার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান এসকে সিনহা।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির আইনজীবীদের আরো প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, দুস্থ মানুষেরাও যাতে জ্যেষ্ঠ আইনজীবীদের মাধ্যমে মামলা পরিচালনা করতে পারে সেজন্য একটি ফান্ড গঠন করা হবে।
দ্রুত মামলা সংশোধনের জন্য নির্দেশ দেয়ার পাশাপাশি গরীব মানুষরা যাতে জ্যেষ্ঠ আইনজীবীদের মাধ্যমে মামলা পরিচালনা করতে পারে সে জন্য একটি ফান্ড গঠন করা হবে— জানিয়ে তিনি বলেন, আইন শাসন প্রতিষ্ঠায় এ বিষয়গুলো খুব জরুরি।
আইনশৃঙ্খলা বাহিনীর বাড়াবাড়ি ও প্রভাবশালীদের ষড়যন্ত্রের কারণে অনেক ধনাঢ্য পরিবারের সন্তানরা সংশোধনাগারে বন্দি রয়েছে বলে অভিযোগ করেন এসকে সিনহা।
এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আইনি সেবা দিতে আইনজীবীদের প্রতি আহ্বানও জানান প্রধান বিচারপতি।
সভায় কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, এ সংস্থার মাধ্যমে সাধারণ মানুষকে যাতে আরো সেবা দেয়া যায় সেজন্য আইনের কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে।