যৌতুক আদান-প্রদানে সর্বনিম্ন ১ বছর থেকে ৫ বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘যৌতুক নিরোধ আইন-২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
পরে বৈঠক শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কঠোর শাস্তির বিধান রেখে ‘যৌতুক নিরোধ আইন-২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। যৌতুক আদান-প্রদানে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড ও সর্বনিম্ন ১ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত রাখার বিধান রাখা হয়েছে।
তিনি আরো বলেন, যৌতুকের কারণে আত্মহত্যার প্ররোচনায় সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড এবং জরিমানা করার বিধান রাখা হয়েছে নতুন এ আইনে। জরিমানা আদালত নির্ধারণ করবেন। একই কারণে কাউকে নির্যাতনে কোনো নারীকে জখম করলে অন্যূন ১২ বছর সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
একই কারণে কাউকে নির্যাতনে কোনো নারীকে জখম করলে অন্যূন ১২ বছর সশ্রম কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
এছাড়াও মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘হজ প্যাকেজ-২০১৭’ এর খসড়ায় অনুমোদন দেয়া হয়েছে— উল্লেখ করে মোহাম্মদ শফিউল আলম বলেন, সরকারিভাবে ১০ হাজার ও বেসরকারিভাবে ১ লাখ ১৭ হাজার ১৫৮ জন এ বছর হজে যেতে পারবেন। সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর আওতায় ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা ও প্যাকেজ-২ এর আওতায় ৩ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা খরচ পড়বে।
আর বেসরকারি ব্যবস্থাপনায় খরচ হবে ১ লাখ ৫৬ হাজার ৫৩৭ টাকা।