রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। বুধবার বিকেলে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা পৌঁছান তিনি।
এ সফরকালে মাহমুদ আব্বাস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, বৈঠকে মাহমুদ আব্বাস দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও দুই দেশের মধ্যে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রী ড: রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড: মাজদি খালদিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ মাহমুদ আব্বাসের প্রতিনিধি দলে থাকবেন।
বাংলাদেশে তিন দিনের সরকারি সফর শেষে শুক্রবার দুপুরে ঢাকা ত্যাগ করবেন ফিলিস্তিনের রাষ্ট্রপতি।