সাংবাদিক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, অপরাধের মাত্রা বিবেচনা করে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে এ ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত রিপোর্টও চলে এসেছে।
ঢাকা মহানগর পুলিশের ৪২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার রাজধানীর শাহবাগে জনসাধারণের মাঝে শুভেচ্ছা কার্ড বিতরণের আগে তিনি এ কথা বলেন।
সাংবাদিক নির্যাতনের বিষয়ে তিনি আরো বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, দুই সংবাদকর্মীকে নির্যাতনের প্রতিবাদে আজও (বুধবার) মানববন্ধন করেছেন গণমাধ্যমকর্মীরা। তদন্ত প্রতিবেদন প্রকাশের পাশাপাশি, দোষী পুলিশ সদস্যদের বিচার দাবি করেন তারা।
এছাড়াও সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএফইউজে, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন মানববন্ধন করে। এতে বক্তারা দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
২৬ জানুয়ারি হরতালে এটিএন নিউজের প্রতিবেদক ও চিত্র গ্রাহককে শাহবাগ থানায় ধরে নিয়ে মারধর করে পুলিশের কিছু সদস্য। এই ঘটনায় সেদিনই এএসআই এরশাদকে সাময়িক বরখাস্ত করা হয়। তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটিও গঠন করে পুলিশ।