গত কয়েক বছরে সীমান্তে হত্যা কমেছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সামাল দিতে প্রস্তুত রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ -বিজিবি।
বিজিবি কমান্ডিং অফিসারদের কনফারেন্স শেষে তিনি আরো বলেন, পাশে দেশ ভারতে সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো অবস্থায় রয়েছে আর মিয়ানমারের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা চলছে।
বিজিবির কন্সট্রাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠার কাজ চলছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বিজিবির কমান্ডিং অফিসারদের কনফারেন্স অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় বিজিবির বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন তিনি।
অনুষ্ঠান শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিবির সদস্যরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেছেন যা পর্যায়ক্রমে পূরণ করা হবে।
বিশেষ করে সীমান্তে সড়ক নির্মাণ ও বিওপির জায়গা বাড়ানোর দাবির কথা তুলে ধরা হয়েছে— এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেন মন্ত্রী।
এক প্রশ্নের জাবাবে মন্ত্রী বলেন, সীমান্তে বিজিবির সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে, তাদের শক্তি আরো বৃদ্ধি করা হবে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা বিজিবির দ্বারা সম্ভব বলেও জানান।
ভারতে সঙ্গে বিস্তর সীমান্ত রয়েছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, আগের তুলনায় সীমান্তে হত্যা কমেছে ভবিষ্যতে আরো কমে যাবে। মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্পর্ক বৃদ্ধির চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এছাড়া, সীমান্তে বিজিবির লোকবলও বাড়ানো হবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।