ত্বকী হত্যার বিচার আদৌ হবে কি-না এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
এ হত্যাকাণ্ডের ৪ বছর পার হয়ে গেলেও সরকারের তেমন তৎপরতা নেই বলেও প্রশ্ন তুলেছেন তারা।
দেশের রাজনীতি নীতি আর আদর্শের বাইরে চলে গেছে বলেই এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে- এমন মন্তব্য তাদের।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে 'ত্বকী হত্যা ও বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রের বৈষম্য'-শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে 'সন্ত্রাস নিমূর্ল ত্বকী মঞ্চ'। এতে অংশ নেন লেখক-সাংবাদিকসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা।
ত্বকী হত্যাকাণ্ডের ৪ বছর পার হয়ে গেলেও কেন এখনো বিচারকার্য সম্পন্ন হচ্ছে না- এ নিয়ে প্রশ্ন তুলেন বক্তারা।
সুশাসনের জন্য নাগরিক –সুজনের নির্বাহী বদিউল আলম মজুমদার ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বিলম্বিত বিচারিক কার্যক্রম বিচারহীনতারই নামান্তর।
এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে উল্লেখ করে জড়িতরা সরকারের মদদপুষ্ট কি-না এ নিয়ে সংশয়ও প্রকাশ করেন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানি ও পঙ্কজ ভট্টাচার্য।
দেশের রাজনীতি থেকে ক্ষমতার অপব্যবহার দূর করা না গেলে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ হবে না বলেও মত দেন বক্তারা।