ফিলিস্তিন ও ইসরায়েল আলাদা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেলে তাতে পূর্ণ সমর্থন দেবে বাংলাদেশ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্ত বৈঠক ঢাকা সফররত ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ কথা বলেন তিনি।
বৈঠকের পর দুদেশের সরকার প্রধানের উপস্থিতিতে বাংলাদেশ-ফিলিস্তিন সহযোগিতা বাড়াতে একটি যৌথ কমিটি গঠনে সমঝতা স্মারকে সই করেন স্ব স্ব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
সরকার প্রধান হিসেবে বাংলাদেশে প্রথম সফরের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় কাটান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান তিনি।
সেখানে মাহমুদ আব্বাসকে স্বাগত জানান বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। পরে বিভিন্ন কক্ষ ঘুরে দেখা শেষে পরিদর্শন বইয়ে সই করেন তিনি।
জাদুঘর পরিদর্শন শেষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে মাহমুদ আব্বাসকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে দুই নেতা আলোচনা করেন।
এরপর বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে সহযোগিতা বাড়াতে একটি সমঝতা স্মারকেও সই করেন দুই পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী ও ফিলিস্তিনি প্রেসিডেন্টের আলোচনার বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র সচিব শহিদুল হক।
ব্যবসা-বাণিজ্যে যোগাযোগ বাড়াতে চলতি বছরেই আরো একটি মন্ত্রিপর্যায়ে বৈঠকের আভাস দেন তিনি।
অতীতের মতো আগামীতেও ফিলিস্তিনের প্রতি বাংলাদেশ সরকারের সমর্থন অব্যাহত রাখার কথা জানান তিনি।
পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাত করতে প্রধানমন্ত্রী কার্যালয় ত্যাগ করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।