নতুন নির্বাচন কমিশন- ইসি গঠনে নাম চূড়ান্ত করার জন্য বেধে দেয়া তাদের সময় শেষ হচ্ছে ৮ ফেব্রুয়ারি এ লক্ষে আগামীকাল-সোমবার আবারো বৈঠকে বসবেন সার্চ কমিটির সদস্যরা।
সোমবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকেই চূড়ান্ত হতে পারে নতুন ইসি গঠনে প্রস্তাবিত নামের তালিকা। আর মঙ্গলবার রাষ্ট্রপতির সঙ্গে সার্চ কমিটির সদস্যদের বৈঠক করার কথা রয়েছে।
সূত্রমতে, সেখানেই চূড়ান্ত করা ১০ জনের নামের এ তালিকা জমা দেয়া হতে পারে। জানা যায়, ১৬ বিশিষ্টজনের সুপারিশ আর রাজনৈতিক দলগুলোর দেয়া নাম থেকে ২০ জনের যে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে তা নিয়ে চলছে সার্চ কমিটির বিশ্লেষণ।
গঠনের পর থেকে এ পর্যন্ত মোট পাঁচটি বৈঠক করেছে সার্চ কমিটি। দুই দফায় বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠকে তাদের সুপারিশ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পাওয়া নাম থেকে যে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে তা নিয়েই বৃহস্পতিবার আলোচনা করে সার্চ কমিটি।
জানা যায়, আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দল এবং বিএনপি নেতৃত্বাধীন জোটভূক্ত বিশ দল যে নাম প্রস্তাব করেছে এরমধ্যে অভিন্ন নামই বেশি। ওই সংক্ষিপ্ত তালিকায় কারা আছেন? সে তথ্য জানা না গেলেও রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের প্রতি আস্থা রেখেছে সার্চ কমিটি।
নাম হাতে আসার আগে ও পরে এ নিয়ে নিজেদের মধ্যে তিন দফা বৈঠক করেছে কমিটি। সোমবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে চতুর্থবারের মতো হতে যাওয়া বৈঠকে নামের তালিকা চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
তবে ওই তালিকা থেকে নতুন ইসি গঠনে যোগ্য ব্যক্তি না পাওয়া গেলে বাইরে থেকে নাম প্রস্তাব করতে পারবে সার্চ কমিটি। আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে ১০ জনের তালিকা চূড়ান্ত করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এখন দেখার অপেক্ষা সেই চূড়ান্ত ১০ জনের তালিকায় কারা থাকছেন। কারা যুক্ত হচ্ছেন নতুন নির্বাচন কমিশনে।