আওয়ামী লীগ তথা দেশের বর্ষীয়াণ প্রবীণ ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এ রাজনৈতিক নেতার কফিনে প্রথমে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও পরে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তার সংসদের স্পিকার, বিরোধীদলের নেতা। একে একে শ্রদ্ধা জানান দেশের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা।
এর আগে বর্ষীয়ান এ নেতার মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ নেতার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে সংসদে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও প্রয়াত এই সংসদ সদস্যেমর প্রতি শ্রদ্ধা জানানো হয়। রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ধ্রুবেষানন্দ মহারাজ এ সময় বিশেষ প্রার্থনা করেন। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে সুরঞ্জিতের জীবনী পড়ে শোনান সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ। পরে সুরঞ্জিতের ছেলে সৌমেন সেনগুপ্ত বক্তব্য দেন।
সংসদের দক্ষিণ প্লাজায় ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি (জেপি), সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকেও।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহে শ্রদ্ধা জানান। এছাড়া শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
শনিবার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় সুরঞ্জিত সেনগুপ্তকে। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউতে নেয়া হয় পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রোববার ভোর চারটা ২৪ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।