এটা সাংবিধানিক দায়িত্ব, দেশের দায়িত্ব ও রাষ্ট্রের দায়িত্ব— আমরা অন্তর থেকে এ দায়িত্ব পালন করেছি আশা করছি, নতুন নির্বাচন কমিশনও যোগ্যতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
নতুন নির্বাচন কমিশনারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, নতুন নির্বাচন কমিশনও যোগ্যতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার সাভার জাতীয় স্মৃতিসৌধে বিদায়ী নির্বাচন কমিশনারদের নিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাজী রকিবউদ্দীন আহমদ। এরপর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
সকালে স্মৃতিসৌধে পৌঁছালে কাজী রকিবউদ্দীন আহমদকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান ও ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার শাহ আলম।
পরে রকিবউদ্দীন আহমদ স্মৃতিসৌধের মূল বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন— শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সার্চ কমিটির সুপারিশ করা ১০ জনের তালিকা থেকে পাঁচ জনকে নতুন ইসির জন্য— মনোনীত করেন।
এ কমিশনে সিইসি হিসেবে মনোনীত নূরুল হুদার সঙ্গে কমিশনার হিসেবে থাকছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।
নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবেদ আলী, মো. শাহনেওয়াজ, মোহাম্মদ আবু হাফিজ, ঢাকা জেলার নির্বাচন কর্মকর্তা শাহ আলম এসময় তার সঙ্গে ছিলেন।