নবগঠিত নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে আসবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেন, এ ব্যাপারে কোনো সংশয় নেই।
তিনি প্রশ্ন তোলেন বিএনপি যদি নির্বাচন কমিশনারকে জনতার মঞ্চের লোক বলে তাহলে তারা কি জনতার বিপক্ষে?
কাদের বলেন, নতুন ইসির প্রতি আস্থা রয়েছে আওয়ামী লীগের।
মঙ্গলবার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিভিল ফেস্টের দুদিনের সমাপনী অনুষ্ঠান হয় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যোগাযোগ খাতে সরকারের নেয়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হলে অবকাঠামোগতভাবে চেহারা বদলে যাবে বাংলাদেশের।
অনুষ্ঠান শেষে নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
নতুন ইসির প্রতি আওয়ামী লীগের আস্থার কথা জানিয়ে তিনি বলেন, সবাই যেখানে নতুন ইসিকে ভালো বলছে সেখানে বিএনপি হতাশ কেন।
ওবায়দুল কাদের বলেন, নতুন নির্বাচন কমিশনের অধীনে বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে।