এশিয়া প্যাসিফিক অঞ্চলে শান্তি, অগ্রগতা আর স্থিতিশীলতার জন্য সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
রাজধানীর একটি হোটেলে এশিয়া প্যাসিফিক বিজনেস ফোরামের উদ্বোধন করে তিনি বলেন, জঙ্গিবাদ মানবজাতির সবচেয়ে বড় শত্রু।
বাংলাদেশ সরকার এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে জানিয়ে তিনি বলেন, কোন দেশই এর থেকে মুক্ত নয়। দারিদ্রকে মানব সভ্যতার সবচেয়ে বড় অভিশাপ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এখনো এ অঞ্চলে অনেক মানুষ দারিদ্রসীমার নীচে বাস করছে। সুখী-সমৃদ্ধ বিশ্ব গড়ে তুলতে দারিদ্র দূরীকরণে অগ্রাধিকার ভিত্তিতে সবাইকে কাজ করতে হবে।
এশিয়া প্যাসিফিক অঞ্চলকে সম্ভাবনাময় অঞ্চল বলেও অভিহিত করে রাষ্ট্রপতি বলেন, এ অঞ্চল প্রাকৃতিক সম্পদে ভরপুর। দক্ষ মানবসম্পদ আর প্রাকৃতিক সম্পদ কাজে লাগাতে পারলে এ অঞ্চলের দারিদ্র দূর করা সম্ভব হবে।