সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক থেকে যুবসমাজকে রক্ষায় আরো সচেতনতামূলক প্রচারণা চালাতে ইমাম-আলেমদের প্রতি আহ্বান জানিয়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় ইমাম সম্মেলন ও শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ইসলাম শান্তির ধর্ম— এতে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই বলে উল্লেখ করে ইসলামী শিক্ষার পাশাপাশি প্রযুক্তি শিক্ষার ওপরও গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
সরকার গঠনের পর পাঠ্যপুস্তকের মাধ্যমে শিক্ষার্থীদের ইসলাম ধর্ম সম্পর্ক জ্ঞান অর্জন ও মসজিদভিত্তিক পরিচালিত ইসলামিক বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, প্রতিটি জেলা ও উপজেলায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র গড়তে সরকারের উদ্যোগ নেয়া হয়েছে।
ইসলাম প্রসারে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে ইসলাম ধর্মের প্রসারে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ বঙ্গবন্ধুর বিভিন্ন অবদান রয়েছে। তবে কিছু মানুষের অপকর্মে ইসলাম ধর্মকে হেয় করা হচ্ছে।
এ সময় ইসলাম ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান দিতে ইমাম ও আলেমদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর প্রতিটি উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র গড়ার ঘোষণাও দেন তিনি।