জনগণের আস্থা অর্জন করতে হলে নবগঠিত নির্বাচন কমিশনকে দৃঢ়তা দেখাতে হবে— বলেন বিশিষ্টজনরা। তারা বলেন, কাজের মাধ্যমেই নিজেদের নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে ইসিকে।
নির্বাচন কমিশন (ইসি) সরকারের পছন্দেই হয়েছে জানিয়ে তারা বলেন, নির্বাচনী ব্যবস্থার প্রতি যে অনাস্থার সৃষ্টি হয়েছে তা কাটিয়ে ওঠাই হবে নতুন ইসির মূল চ্যালেঞ্জ। বিএনপির সমালোচনাকেও তারা দেশের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ বলে মনে করছেন।
আর নবগঠিত নির্বাচন কমিশনের ব্যাপারে ভিন্নমত আওয়ামী লীগ ও বিএনপির। তবে বিশিষ্টজনরা বিএনপির বক্তব্যকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছেন।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, এটি দেশের রাজনৈতিক সংস্কৃতিরই অংশ। ইসি ক্ষমতাসীনদের পছন্দেই হয়েছে তাই এখনো ইসিকে নিয়ে মন্তব্য করার সময় আসেনি।
নির্বাচনী ব্যবস্থার প্রতি এক ধরনের অনাস্থা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
তিনি আরো বলেন, এটি কাটিয়ে ওঠাই নুরুল হুদা কমিশনের চ্যালেঞ্জ।
দেশের রাজনৈতিক বাস্তবতায় যেখানে রাজনৈতিক দলগুলোর মধ্যেই আস্থাহীনতার অভাব সেখানে নির্বাচন কমিশনকে সকলকে আস্থায় এনে নিজেদের প্রমাণ করতে কঠিন পথ পাড়ি দিতে হবে বলে মনে করছেন তারা।