সন্ত্রাস-জঙ্গিবাদ দমন ও মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরিতে আনসার-ভিডিপি সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যরা নিজেরা যেমন কর্মমুখী কাজে অংশ নিচ্ছেন তেমনি গ্রামের মানুষদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল করতে হবে।
রোববার বাংলাদেশ আনসার-ভিডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর জাতীয় সমাবেশে এসব কথা বলেন শেখ হাসিনা।
আনসার ও ভিডিপির সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারাই পারেন সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে বিশাল ভূমিকা রাখতে। যেন আমাদের ছেলেমেয়েরা এই মাদকাসক্তিতে না জড়ায়, জঙ্গিবাদ সন্ত্রাসের সঙ্গে না জড়ায়। এ ব্যাপারে আপনাদের ভূমিকরা রাখতে হবে।’
সচেতনতা সৃষ্টি করা, প্রতিরোধ গড়ে তুলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখবেন বলে আশা করি।
সন্ত্রাস-জঙ্গিবাদ শুধু বাংলাদেশের নয়—বিশ্বব্যাপী সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস-জঙ্গিবাদ অপকর্ম অথবা মাদকাসক্তের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সহায়তা করবেন।
দেশের অর্থনৈতিক উন্নয়নে আনসার-ভিডিপি গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ আনসার-ভিডিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে জাতীয় সমাবেশের আয়োজনে যোগ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুচকাওয়াজের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান আনসার-ভিডিপি সদস্যরা।
এ সময়, প্রতিষ্ঠালগ্ন থেকে আনসার-ভিডিপির কর্মকাণ্ডের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মিলিত হয়ে দেশের নিরাপত্তা রক্ষার কাজ করছে তারা।
সামাজিক অবক্ষয় ও জনসচেতনতা বৃদ্ধিতে এ বাহিনীকে আরো এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কুটির শিল্প থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ডে জড়িত থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে আনসার-ভিডিপি গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
পরে, আনসার-ভিডিপির সদস্যদের অংশগ্রহণে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী।