পাকিস্তানি লেখক জুনায়েদ আহমেদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে যে বই লিখেছেন— তার আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকালে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় দশম সংসদের ১৪তম অধিবেশনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ তথ্য দেয়ার পরে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, একারণেই পাকিস্তানিরা এই ধরনের দুঃসাহস পায়। বাণিজ্যমন্ত্রী ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাব দিলে এ বিষয়ে আগামী মার্চে সংসদে আলোচনা হবে বলে জানান স্পিকার।
শুরুতেই বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ -পাকিস্তানি লেখক জুনায়েদ আহমেদের লেখা বইয়ের একটি কপি হাতে তুলে তীব্র সমালোচনা করেন। বইটিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে বলেও জানান তিনি।
এর পর পরই এ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ ধরনের বই লেখার পিছনে বিএনপি চেয়ারপারসনের মদদ রয়েছে বলে সমালোচনা করেন তিনি। এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণহত্যা নিয়ে পাকিস্তানিদের এ ধরেন বিরূপ প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন কখনোই এটা গ্রহণযোগ্য হতে পারে না।
২৫ মার্চকে গণহত্যা দিবস পালনে সংসদে প্রস্তাব আনা হবে বলে এ সময় জানান প্রধানমন্ত্রী।
আগামী মার্চে এ বিষয়ে সংসদে আলোচনা হবে বলেন নিশ্চিত করেন স্পিকার ড. শিরিন শারমিন চোধুরী।