সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই যথাসময়ে নির্বাচন হবে বলে আবারও উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি আরো বলেন, এর বাইরে আর কোনো কিছু হবে না।
বৃহস্পতিবার সকালে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি।
দলের চেয়ারপার্সনকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে পাঠানো হলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে যে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার সমালোচনা করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, সরকারের মত অনুযায়ী আদালত চলে না অন্যায় করলে বিচার হবে, শাস্তি পাবে এটাই স্বাভাবিক নিয়ম।
তিনি আরও বলেন, যথাসময়ে যথা নিয়মে সংবিধান মেনেই এই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর কোনো ইচ্ছা সরকারের নেই।
কাদের বলেন, তিনি কারাগারে থাকবেন নাকি বাইরে থাকবেন এটি সম্পূর্ণ আদালতের বিষয়।
এসময় সম্প্রতি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'র পাঠানো জুনায়েদ খানের লেখা বই " ক্রিয়েশন অব বাংলাদেশ, মিথস এক্সপ্লোডেড" এর সমালোচনা করেন তারা।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, একাত্তরের পরাজয় আজও পাকিস্তান মেনে নিতে পারেনি বলেই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করতে এই অপচেষ্টা চালানো হচ্ছে।
এর আগে বেঙ্গল চেম্বার্স অব কমার্স প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তোফায়েল আহমেদ। সেখানে ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে পারস্পরিক সুবিধার বিষয়ে আলোচনা করেন তারা।