মহান একুশের প্রথম প্রহরে ভিভিআইপি ছাড়া সকলেই শহীদমিনারে যাবে পলাশীর মোড় দিয়ে—এ বছর যাতে তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের-ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিঞা।
রোববার সকালে জাতীয় শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকির পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যে কোনো পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
কমিশনার বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, কূটনীতিক কোরের সদস্যরা দোয়েল মৎস্যভবন হয়ে দোয়েল চত্বর দিয়ে শহীদ মিনারের পথে যাবেন। এর বাইরে যারা রয়েছেন তাদের সকলকেই পলাশীর মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে যেতে হবে।
গতবছর শহীদ মিনারে ঢুকতে দোয়েল চত্বরে একটি রাজনৈতিক দলের সদস্যরা বিশৃংখলা সৃষ্টি করে এবং পরে জুতো পায়ে শহীদ বেদীতে উঠে পড়ে, ওইকথা স্মরণ করে ডিএমপি কমিশনার বলেন, এ বছর যাতে তেমন কোনো পরিস্থিতি সৃষ্টি না হয় তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
ডিএমপি কমিশনার আরও বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপিরা শহীদ মিনারে তাদের শ্রদ্ধানিবেদনের পর চলে গেলেই পলাশীর পথ খুলে দেয়া হবে। তার আগে এ পথ বন্ধ থাকবে। এ অবস্থায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি সব ধরনের সহযোগিতা দিতে সকল রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
আসাদুজ্জামান মিঞা বলেন, এ বছর কেউ যাতে শহীদ বেদীতে জুতো পায়ে উঠে পড়তে না পারে সে জন্য সব ধরনের সতর্ক তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
ডিএমপি কমিশনার বলেন, প্রাণের এই উৎসবে কেউ যাতে বিশৃংখলা সৃষ্টি করতে না পারে, সব পর্যায়ের মানুষ যাতে ভাষার শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে পারেন সে জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা সকলেও সহযোগিতা কামনা করেন।